
শনিবার সকালে বনানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবের হ্রদ ও বৃক্ষসারিমুখী উন্মুক্ত বারান্দা দেশবেরেণ্য ভ্রমণলেখক, ভ্রমণসাংবাদিক, পর্বতারোহী, প্রকাশক, সাঁতারু, অভিযাত্রী ও ভ্রমণপাঠকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। নিসর্গবিদ ইনাম আল হক এর নেতৃত্বে,পর্বতপ্রেমী ইফতেখারুল ইসলাম এর আমন্ত্র্রণে ভ্রমণগদ্য সুহৃদসভা’র শাওন প্রাত:রাশ আড্ডায় এঁরা যোগ দেন। তিনঘন্টাব্যাপি শাওন আড্ডায় ভ্রমণগল্প মেরু ও এভারেস্টজয়ের অভিযাত্রার কথা,শ্রাবণসঙ্গীত আর ছোট ছোট কৌতুকে জমে ওঠে। পরিচালনা করেন ভ্রমণগদ্য সম্পাদক মাহমুদ হাফিজ।
আড্ডায় বক্তব্য রাখেন ইনাম আল হক, জালাল আহমেদ, ইফতেখারুল ইসলাম, গীতিকার আবাম ছালাহউদ্দিন, এম আবদুল লতিফ, কবি কামরুল হাসান, ভ্রমণলেখক হুসেইন ফজলুল বারী, শিল্পী এ জেড শিমুল, প্রমুখ। ভ্রমণগদ্য সুহৃদসভা’র নানা দিক নিয়ে আলোচনার সূত্রপাত করেন কবি-ভ্রামণিক্ আবদুর রব। দুই এভারেস্টজয়ী ইকরামুল হাসান শাকিল ও নুরুন্নাহার নিম্নি এভারেস্ট শীর্ষে ওঠা ও নামার রোমহর্ষক অভিজ্ঞতা তুলে ধরেন মহুয়া রউফ বর্ণনা করেন এন্টার্কটিকা যাওয়ার নেপথ্য গল্প। শ্রাবণ-বরিষণ সঙ্গীতে আড্ডাকে সুরে মাতিয়ে রাখেন রবীন্দ্রপ্রেমী স্থপতি রেজাউর রহমান। নিজের লেখা সঙ্গীত পরিবেশন করে চমক লাগিয়ে দেন বিশিষ্ট সাংবাদিক আবু সাঈদ জুবেরি।
প্রাণবন্ত আড্ডা-হাস্যরস, প্রাত:রাশে আরও মেতে ওঠেন সর্বজনাব ভ্রমনলেখক শাকুর মজিদ, ফরিদুর রহমান, জিকরুর রেজা খানম, মিলা মাহফুজা, প্রকাশক ফরিদ আহমেদ, স্থপতি সাজ্জাদুর রশীদ, আহসান নবাব, সেলিম সোলায়মান, ড.ডি.এম. ফিরোজ শাহ, ড. নাঈমা খানম, সাংবাদিক কাজল ঘোষ, সাংবাদিক আতিকুল ইসলাম, সাংবাদিক জাকারিয়া মন্ডল, সৈয়দা হাবিবা, জাফর সাদেক, এ্যাডভাঞ্চারিস্ট হোমায়েদ ইসহাক মুন, সাংবাদিক সজীব মিয়া, ফেরদৌস বাপ্পি প্রমুখ।
সুহৃদসভার আড্ডায় যোগ দেয়া একদম নতুন এবং নতুন করে যোগ দেয়াদের পরিচয় করিয়ে দেয়া হয়। এদের মধ্যে ছিলেন খায়রুজ্জামান হীরা, নাহার ফরিদ খান, নিশাত জাহান রানা, কাজল ঘোষ, সামিও শীশ, শাহনাজ পারভীন মিতা, রাদিয়া তামীম।
রেজাউর রহমানের সঙ্গীতের সুর গায়ে মেখে আড্ডারুরা বাড়ির পথ ধরেন।




